বরিশাল মেইল ডেস্ক:
নগরের বহদ্দারহাট এলাকায় ‘গুলজার’ নামের একটি আবাসিক হোটেল থেকে বিবি কুলসুম নামে এক নারীকে হত্যা ঘটনায় জড়িত সেই ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নগরের খুলশি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ২০ অক্টোবর রাত ৮টার দিকে ওই হোটেলের টয়লেট থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত এই নারীর বাবা নগরের চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।
এর আগে গত ১৯ অক্টোবর স্বামী-স্ত্রী পরিচয়ে আবাসিক হোটেল গুলজারের একটি কক্ষ ভাড়া নেন। পরের দিন কোনো এক সময়ে কুলসুমকে হত্যা করে স্বামী পরিচয় দেওয়া এই ফরহাদ পালিয়ে যান। সাড়া শব্দ না পেয়ে হোটেলের লোকজন পুলিশকে খবর দেন। পরে চান্দগাঁও থানার পুলিশ ওই হোটেলের টয়লেটে ওড়না প্যাঁচানো অবস্থায় বিবি কুলসুমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
চান্দগাঁও থানার ওসি (তদন্ত) সবেদ আলী বলেন, ‘সিআইডির একটি বিশেষ টিমের সহায়তায় ফরহাদ হোসেনকে খুলশী থানা এলাকা থেকে গ্রেপ্তার করি। নিহত বিবি কুলসুম বিবাহিত। তার স্থায়ী ঠিকানা নোয়াখালীর মির্জানগরে।’



