জহির রায়হান:
২০২৪ সাল । বছর জুড়েই বাংলাদেশের বুকে ঘটেছে বহুল আলোচিত ঘটনা। যা বিশ্ব দরবারেও আলোচিত-সমালোচিত হয়েছে। জাতীয় পর্যায়ে আলোচিত বড় ঘটনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু ঘটনা বরিশাল মেইল পাঠকের সামনে তুলে ধরা হলো-
কোটা সংস্কার:

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের কোটা সংস্কারের জন্য আন্দোলন শুরু হয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে। তিন সপ্তাহের মধ্যে বিক্ষোভ দমনে সরকারের সহিংস ভূমিকার কারণে কয়েকশ নিরস্ত্র নাগরিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন হাজারো ছাত্র-জনতা। এক মাসের মধ্যেই শিক্ষার্থীদের বিক্ষোভ গণঅভ্যুত্থানে রূপ নেয়। অবশেষে এক দফা শেখ হাসিনা সরকার পদত্যাগ দাবীতে চলতি বছরের ৫ ই আগস্ট অবসান ঘটে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের।
আবু সাঈদের মৃত্যুঃ

কোটা সংস্কার আন্দোলন দমনে রাষ্ট্রযন্ত্রের নির্যাতন ও অন্যায়ের প্রতিবাদে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে সাহস নিয়ে দাঁড়ানো আবু সাঈদের আত্মত্যাগ। ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদের বুকে বিবেকবর্জিত নতজানু পুলিশের গুলি চালানোর সেই দৃশ্য দেখেছে বিশ্ববাসী।
রাজাকারের নাতি-পুতি বলা

চলতি বছরের চীন পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের ‘রাজাকারের নাতি-পুতি’ বলে অভিহিত করলে, সেদিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয়।
শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, ‘তুমি কে আমি কে? রাজাকার রাজাকার। কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার।’ তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সেদিন রাতেই উত্তাল হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, ‘তুমি কে আমি কে? রাজাকার রাজাকার। কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার।’
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন:

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট টানা ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।
খালেদা জিয়া মুক্ত:

শেখ হাসিনার পতনের একদিন পর গত ৬ আগস্ট নির্বাহী আদেশে মুক্তি মেলে খালেদা জিয়ার। ওই দিন বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার:

শেখ হাসিনার পতনের পর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গত ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রথমে এ সরকারের উপদেষ্টা ছিল ১৭ জন। পরে তা বেড়ে হয় ২২ জন। তবে গত ২০ ডিসেম্বর এ এফ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টার সংখ্যা দাঁড়ায় ২১ জনে।
অধ্যাপক ইউনূসের কারাদণ্ড:

২০২৪ সালটি শুরু হয়েছিল শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চার কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে জরিমানাসহ ছয় মাসের কারাদণ্ডের মধ্য দিয়ে।
গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ:

জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। এ তালিকায় ৮৫৮ জন শহীদের নাম এবং আহতদের তালিকায় ১১ হাজার ৫৫১ জনের নাম প্রকাশ করা হয়েছে।
ভয়াবহ বন্যা:

ভারত থেকে আসা ঢল ও ভারী বর্ষণে ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের দক্ষিণপূর্বাঞ্চল। গত ১৯ আগস্ট শুরু হয় স্মরণকালের এই বন্যা। এতে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জসহ বিভিন্ন জেলা প্লাবিত হয়। ওই বন্যায় অন্তত ৫৯ জন নিহত হয়েছেন।
শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা:

জুলাই-আগস্টে আন্দোলনে হত্যার বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উদ্যোগ নেওয়ার পর ১৭ অক্টোবর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এই আদালত।
ছাত্রলীগ নিষিদ্ধ:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। এর মধ্যেই ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।
জামায়াত ও শিবির নিষিদ্ধ, পরে প্রজ্ঞাপন বাতিল:

কোটা সংস্কারের দাবিতে করা আন্দোলন ঘিরে গত ১ আগস্ট জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে শেখ হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার ওই প্রজ্ঞাপন বাতিল করে ২৮ আগস্ট আরেকটি প্রজ্ঞাপন জারি করে।
সোমালি দস্যুর কবলে বাংলাদেশি জাহাজ :

১২ মার্চ ভারত মহাসাগরে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সোমালিয়া জলদস্যুদের ১০-১৫ জনের একটি দল এমভি আবদুল্লাহ নামের বাংলাদেশি জাহাজ নিয়ন্ত্রণে নেয়। পরে জাহাজটির ক্যাপ্টেনসহ ২৩ নাবিককে জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করে।
জাহাজে সাত খুন:

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর ইশানবালা খালের মুখে নোঙর করা সারবাহী এমভি আল-বাখেরা জাহাজে সাতজনকে খুন করেন ওই জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফান। পরে তাকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে র্যাব জানিয়েছিল, ইরফান একাই সাতজনকে খুন করেছেন।
বেইলি রোডে আগুন:

২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে একজনের মরদেহ নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়। পরে ডিএনএ টেস্টের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত হলে বিষয়টি সুরাহা করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন:

স্বল্প ভোটার উপস্থিতি এবং বিভিন্ন স্থানে সহিংসতাসহ নানা ঘটনার মধ্য দিয়ে একতরফা ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচনের শেষ দিকে এসে জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের অনেক প্রার্থী অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে যান।
বিসিএস প্রশ্ন ফাঁসঃ

সরকারের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি পাওয়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে বিসিএস ক্যাডার এবং নন-ক্যাডারের ৩৩তম বিসিএস থেকে ৪৬তম বিসিএস পর্যন্ত প্রায় ৩০টি ক্যাডার-ননক্যাডার পরীক্ষায় প্রশ্নফাঁস হয়েছে। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত পিএসসির বড় কর্মকর্তারা।
গ্রেনেড হামলা মামলার রায় বাতিল:

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার মামলায় বিচারিক আদালত ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন। গত ১ ডিসেম্বর ওই মামলায় তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
কলকাতায় বাংলাদেশি সংসদ সদস্য খুন:

চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে চলতি বছরের ২২ মে খুন হয় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। একটি বাসায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ কিমা বানিয়ে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। পরে ডিএনএ পরীক্ষার পর ২০ ডিসেম্বর নিশ্চিত হওয়া যায়, খণ্ডাংশগুলো আনারের মরদেহের।
বাবা-ছেলের ছাগল কান্ডঃ

ঈদুল আজহার আগে ১৫ লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। যে দেশে ১৫ হাজার টাকায় ছাগল পাওয়া যায়, সেখানে ১৫ লাখ টাকায় কে কিনবে ছাগল? সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয় তুমুল শোরগোল। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমানই ইফাতের বাবা।
ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা:
শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন চলছি। এর মধ্যে ২ ডিসেম্বর ভারতের আগরতলায় দেশটির উগ্রপন্থীরা বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করে।
বেনজীর কান্ডঃ

বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মীর্জা, তিন মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজীর, তাহসিন রাইসা বিনতে বেনজীর ও জাহরা জেরিন বিনতে বেনজীরের নামে থাকা ৮৩টি দলিলের সম্পত্তি জব্দ করা হয়েছে। এসব দলিলে মোট সম্পদের পরিমাণ ৩৪৬.৩০ বিঘা। যার দলিলমূল্য ১০ কোটি ৬৫ লাখ টাকা। তবে বর্তমান প্রেক্ষাপটে এসব জমির দাম কমপক্ষে পাঁচ থেকে সাত গুণ বেশি বলে জানা গেছে। এছাড়া তাদের নামে বিভিন্ন ব্যাংকে সাধারণ হিসাব, সঞ্চয়পত্র, ক্রেডিট কার্ডসহ ৩৩টি হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।
ফুটবলে মেয়েদের শিরোপা জয়:

১০ মার্চ ভারতকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতে বাংলাদেশ। কাঠমান্ডুর অদূরে ললিতপুরের আনফা একাডেমি মাঠ জায়গা পেয়ে যায় বাংলাদেশের ফুটবলের ইতিহাসে।
ভারতকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ:

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘ব্যাক টু ব্যাক’ শিরোপা জিতেছে বাংলাদেশ যুব দল। ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে এই আসরের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় ধরে রাখলো টাইগাররা। এক বছর আগে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। রোববার (৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল। আগে ব্যাট করে ৪৯.১ ওভারে ১৯৮ রানেই অলআউট বাংলাদেশের যুবারা। টার্গেট তাড়ায় ৩৫.২ ওভারে ১৩৯ রানে অলআউট হয় ভারত।
চিন্ময় কারাগারে, আইনজীবীকে হত্যা:

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহের মামলায় ২৬ নভেম্বর কারাগার পাঠান চট্টগ্রামে আদালত। এ ঘটনায় সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।
সচিবালয়ে ভয়াবহ আগুনঃ

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট কাজ শুরু করে। এরপর আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বিএম/জ/রা



