ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কৌশলে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় মোহাম্মদ মোকসুদ আহমেদ নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা সোনার বাজারমূল্য প্রায় ১ কোটি ৭ লাখ টাকা।
সোমবার সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেন মোকসুদ। বিমানবন্দরের গ্রীন চ্যানেল দিয়ে নির্বিঘ্নে বের হওয়ার চেষ্টা করলে তার আচরণ সন্দেহজনক মনে হয় কর্তব্যরত কাস্টমস কর্মকর্তাদের। পরে তাকে আটক করে লাগেজ তল্লাশি করা হয়।
তল্লাশির সময় মোবাইল ফোনের অ্যাডাপ্টার এবং এয়ারপডের ভেতরে বিশেষভাবে সিলভার প্রলেপ দেওয়া সোনার পিণ্ড পাওয়া যায়। পরে বিশেষজ্ঞদের সহায়তায় মোট ৯১০ গ্রাম সোনা উদ্ধার করা হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭ লাখ টাকা। উদ্ধারকৃত সোনা জব্দ করে আটক মোকসুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিএম/সজীব



