লোহিত সাগরে ভুলে ছোড়া ক্ষেপণাস্ত্রে নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র।
ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, লোহিত সাগরে ভুলক্রমে ছোড়া গাইডেড ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।
বিবৃতিতে বলা হয়েছে, ভূপাতিত হওয়া যুদ্ধবিমানটি ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান রণতরীর ক্রুরা পরিচালনা করছিলেন। কিন্তু মার্কিন রণতরী ইউএসএস গেটিসবার্গ থেকে ভুল করে ছোড়া ক্ষেপণাস্ত্র বিমানটিকে আঘাত করে।
দুর্ঘটনাটি ঘটার সময় যুদ্ধবিমানের দুই পাইলটই নিরাপদে বিমান থেকে বের হয়ে আসেন। তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন।
এই ঘটনাটি এমন সময় ঘটলো যখন যুক্তরাষ্ট্র ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর দাবি করেছিল। হুথিদের ক্ষেপণাস্ত্র গুদাম এবং কমান্ড ও কন্ট্রোল সেন্টারকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, লোহিত সাগরে হুথিদের একাধিক ড্রোন ও জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে মার্কিন বাহিনী। তবে একই সময়ে ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের ভুলে ছোড়া গুলির কারণে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে।
এই ঘটনাকে ‘দুঃখজনক ভুল’ উল্লেখ করে মার্কিন সামরিক কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে। সূত্র: বিবিসি।
বিএম/সজীব
আরও পড়ুনঃ
১৪০ যুদ্ধবিমান দিয়ে ইরানের ২০ লক্ষ্যবস্তুতে হামলা ইসরায়েলের
ফ্রান্সে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ, নিখোঁজ ২



