আন্তর্জাতিক ডেস্কঃ লেবানন থেকে ইসরায়েলের উত্তর সীমান্তে একাধিক রকেট হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এসব রকেটের বেশিরভাগই প্রতিহত করতে সক্ষম হয়েছে। খবর আল জাজিরার।
ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, লেবানন থেকে অন্তত পাঁচটি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে তিনটি আকাশেই ধ্বংস করা সম্ভব হয়েছে, আর দুটি লেবাননের ভূখণ্ডেই পতিত হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার জবাবে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের ইয়াহমোর শহরের আশপাশে গোলাবর্ষণ শুরু করেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহও হামলার বিষয়ে কোনো বক্তব্য দেয়নি।
অন্যদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে তেল আবিব। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করেছে।
হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে বলেন, তাদের লক্ষ্য ছিল তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর। ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি দাবি করেছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখবে।
বিএম/সজীব



