― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধার বসতভিটা দখলের চেষ্টা, আটক ২

নিজস্ব প্রতিবেদক:
বরিশালের বাকেরগঞ্জে এক মুক্তিযোদ্ধা পরিবারকে তাদের বসতভিটা থেকে জোরপূর্বক বের করে দখলের চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (৬ মে) সকালে স্থানীয় কলসকাঠি বন্দরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাকেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারটিকে পুনরায় ঘরে তুলে দেয় এবং দখলচেষ্টাকারীদের মধ্যে দুজনকে আটক করে।

হিন্দু সম্প্রদায়ের ওই পরিবারটির অভিযোগ, হামলাকারীদের লোকজন বসতবাড়ির সীমানায় অবস্থান করায় তাঁরা চরম আতঙ্কে রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী অলোক দাস জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কলসকাঠি ইউনিয়নের খোকন দাসের বাড়িতে স্থানীয় হাকিম খান , মনির খান, সেলিম খান, হাসনাত খানসহ ২৫-৩০ জনের একটি দল হামলা চালায়। হামলাকারীরা অলোক দাসের কাকি শিলা দাস (স্বামী মৃত বীর মুক্তিযোদ্ধা বিধান কুমার দাস) এবং তাঁর (অলোক) মা আরতি রানি দাসকে (স্বামী মৃত বীর মুক্তিযোদ্ধা অরুণ কুমার দাস) ঘর থেকে জোরপূর্বক বের করে দেয়। এরপর ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল ভাঙচুর করে এবং ভয়ভীতি দেখায়।

খবর পেয়ে বাকেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেলিম খান ও হাসনাত খানকে আটক করে। বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায় এবং তাৎক্ষণিকভাবে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।

বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ বিকেলে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলার পরিপ্রেক্ষিতে পুলিশ দুজনকে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।