― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ববিতে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা ও মোবাইল ছিনতাই, প্রক্টরের তদন্তের আশ্বাস

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে এক দলবদ্ধ ও পরিকল্পিত হামলায় ক্যাম্পাস সাংবাদিকসহ বিভিন্ন বিভাগের অন্তত ১৫ জন সাধারণ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নবনির্মিত নভোথিয়েটারের সামনের ফাঁকা চত্বরে এই সহিংস ঘটনাটি ঘটে। হামলার তীব্রতায় পুরো ক্যাম্পাস জুড়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ ও তীব্র উত্তেজনা বিরাজ করছে।

এই বর্বরোচিত হামলায় গুরুতর জখম হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং ‘এশিয়া পোস্ট’-এর ক্যাম্পাস প্রতিনিধি আবু উবাইদা ও আব্দুল কাদের জীবন। তাঁদের সাথে একই বিভাগের আরও ৮ জন শিক্ষার্থী গুরুতর আহত হন। এছাড়া বাংলা, লোকপ্রশাসন, সিএসই, হিসাববিজ্ঞান ও ইংরেজি বিভাগের একাধিক সাধারণ শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ফেসবুক পেজে গণিত বিভাগের আরফান সিফাত নামের এক শিক্ষার্থীর অনৈতিক কর্মকাণ্ডের একটি ভিডিও প্রকাশিত হয়। এই অভিযোগকে কেন্দ্র করে কথা বলার অসিলা দিয়ে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু উবাইদা এবং সাংবাদিক আব্দুল কাদের জীবনকে নভোথিয়েটারের সামনে ডেকে নেওয়া হয়। তাঁরা সেখানে পৌঁছামাত্রই সিফাতের নেতৃত্বে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

ক্যাম্পাস সাংবাদিকদের ওপর হামলার খবর পেয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অন্য শিক্ষার্থীরা সহপাঠীদের উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু হামলাকারীরা তাঁদেরও অবরুদ্ধ করে লাঠিসোঁটা দিয়ে দীর্ঘক্ষণ ধরে মারধর করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত লোকপ্রশাসন, কোস্টাল এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা বাধা দিতে গেলে তাঁদের ওপরও চড়াও হয় হামলাকারীরা। পূর্বপরিকল্পিতভাবে লাঠি, লোহার রড, পাইপ ও ইটপাটকেল নিয়ে প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থী এই নৃশংস হামলায় অংশ নেয়।

জানা গেছে, গণিত বিভাগের এই হামলাকারীদের মারধরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পাঁচজন নেতাকর্মীও আহত হয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্তসহ একাধিক শীর্ষস্থানীয় নেতাকর্মী।

হামলার সময় নিজের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আরও বেশ কয়েকজন সংবাদকর্মী চরম হেনস্তার শিকার হন। সংবাদ সংগ্রহের সময় ‘আজকালের কণ্ঠ’-এর ক্যাম্পাস প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন এবং ‘দৈনিক আমার দেশ’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাসুদ রানার ওপর হামলা চালানো হয়। এমনকি ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাঁদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়।

নৃশংস এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র উপদেষ্টা এবং সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন বলেন, খবর পাওয়া মাত্রই তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের হাসপাতালে পাঠান। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ এবং গণিত বিভাগের চেয়ারম্যান ড. বিজয় কৃষ্ণ সাহা জানিয়েছেন, উভয় পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে কঠোর ও দৃষ্টান্তমূলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হবে।