সাভার সেনানিবাসে কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিএন্ডএফ) কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে। সাভারের কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুল (সিএমপিসিএন্ডএস) এবং আরভিএন্ডএফ ডিপোতে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কোর অব মিলিটারি পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত হয়ে সেনাপ্রধান উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি প্রযুক্তিগত উন্নয়ন, কৌশলগত গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে বিস্তারিত মতবিনিময় করেন। সেনাপ্রধান একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণে এই কোরের গৌরবময় অবদানের কথা স্মরণ করেন।
আন্তর্জাতিক অঙ্গনেও মিলিটারী পুলিশের সদস্যদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। বিশ্বজুড়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি কোরের সব সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান।
পরবর্তীতে সেনাপ্রধান আরভিএন্ডএফ কোরের ৪র্থ বাৎসরিক অধিনায়ক সম্মেলনে অংশ নেন। সেখানে তিনি উপস্থিত সেনা কর্মকর্তাদের সাথে কোরের বর্তমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ সেনাবাহিনীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই কোরের প্রত্যক্ষ অবদানের গুরুত্ব তিনি গভীরভাবে স্মরণ করেন।
আরভিএন্ডএফ কোরের আওতাধীন ফার্মগুলোর উৎপাদন বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ জোর দেন সেনাপ্রধান। তিনি বলেন, আধুনিক ভেটেরিনারি চর্চা ও মানসম্মত গবেষণার মাধ্যমেই এ কোরের পেশাগত উৎকর্ষ উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
পৃথক দুটি সম্মেলনে অন্যান্য সামরিক কর্মকর্তাদের মধ্যে মিলিটারি পুলিশের কর্নেল কমান্ড্যান্ট ও কমান্ড্যান্ট (ন্যাশনাল ডিফেন্স কলেজ), ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড), সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, কর্নেল কমান্ড্যান্ট (আরভিএন্ডএফসি) ও কমান্ড্যান্ট (ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ), জেনারেল অফিসার কমান্ডিং (৯ পদাতিক ডিভিশন) ও এরিয়া কমান্ডার (সাভার এরিয়া) সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



