সাবেক মার্কিন বিমানবাহিনী সচিব ফ্রাঙ্ক কেন্ডালের শ্রেণিবদ্ধ বা গোপন তথ্য ব্যবহারের অনুমতি বাতিল করেছে পেন্টাগন। একই সঙ্গে তাকে কোনো ‘সংবেদনশীল পদে’ দায়িত্ব পালনের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) পেন্টাগন জানায়, কেন্ডালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে—তিনি বিমানবাহিনীর প্রেসিডেন্টের ব্যবহৃত বিমান এয়ার ফোর্স ওয়ান-এর সক্ষমতা সম্পর্কে সংবেদনশীল তথ্য গণমাধ্যমে প্রকাশ করেছেন।
পেন্টাগনের এই সিদ্ধান্তের ফলে শ্রেণিবদ্ধ তথ্য ব্যবহারের ক্ষেত্রে কেন্ডালের ‘যোগ্যতা’ বাতিল করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে তিনি কোনো সংবেদনশীল দায়িত্বে থাকতে পারবেন না।
গত মাসে এয়ার ফোর্স ওয়ানের নিরাপত্তা সক্ষমতা নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। এর মধ্যে দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে কাতারের উপহার দেওয়া নতুন এয়ার ফোর্স ওয়ানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা উঠে আসে।
প্রতিবেদনগুলোতে দাবি করা হয়, নতুন বিমানটিতে আগের এয়ার ফোর্স ওয়ানের মতো উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা নেই। এর পরিপ্রেক্ষিতেই কেন্ডালের বিরুদ্ধে সংবেদনশীল তথ্য প্রকাশের অভিযোগ সামনে আসে।
ফ্রাঙ্ক কেন্ডাল ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।



