বরিশাল মেইল ডেস্ক
চট্টগ্রামের পতেঙ্গায় অপরিশোধিত পেট্রোলিয়াম বহন করা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন ‘বাংলার জ্যোতি’ নামের জাহাজে আগুন লেগেছে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইস্টার্ন রিফাইনারির ৯ নম্বর ডলফিন জেটিতে খালাসরত অবস্থায় বাংলার জ্যোতিতে আগুন লাগে। দুপুর সাড়ে ১২টায় প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেছে কি না, নিশ্চিত হওয়া যায়নি।
আগুন নেভাতে কোস্টগার্ড, চট্টগ্রাম বন্দর, নৌবাহিনী ও ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম কাজ করছে।
জানা যায়, বাংলার জ্যোতি ট্যাংকার জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন পুরোনো জাহাজ। জাহাজটি মূলত বন্দরের বহির্নোঙরে অবস্থান করা মাদার ট্যাংকার ভ্যাসেল থেকে ক্রুড ইস্টার্ন রিফাইনারিতে পরিবহন করে থাকে।
ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ডিজিএম (ইন্সপেকশান অ্যান্ড সেইফটি) এ কে এম নঈমুল্লাহ বলেন, কর্ণফুলী নদীর ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে বাংলার জ্যোতি জাহাজে আগুন লেগেছে।
জাহাজের সবাই নিরাপদে নেমে গেছেন। তবে আগুন এখনো (দুপুর ১২টা) নিয়ন্ত্রণে আসেনি। আগুন নির্বাপণে কোস্টগার্ড, চট্টগ্রাম বন্দর, নৌবাহিনী, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এবং ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম কাজ করছে। আগুন লাগার সময় ট্যাংকারটিতে জ্বালানি তেল ছিল কি না এবং কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, আমরা বেলা ১১টার দিকে বাংলার জ্যোতিতে আগুন লাগার খবর পেয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে দ্রুত বন্দরের সাহায্যকারী জলযান পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি যাতে বন্দর চ্যানেলে কোনো সমস্যা না হয়, সেটিরও খেয়াল রাখছে আমাদের টিম।



