ডেস্ক রিপোর্টঃ সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাসহ সাত দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন আরও বেগবান হয়েছে। কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা গণ-অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল থেকে আন্দোলন শুরু হয়, যা রাতভর চলে। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১১টা পর্যন্ত গণ-অনশন অব্যাহত ছিল।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানিয়েছেন, শিক্ষার্থীরা প্রথমে সড়ক অবরোধ করে রাখলেও পরে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন।
‘তিতুমীর ঐক্য’ নামের আন্দোলনকারী শিক্ষার্থীদের ফেসবুক পেজে দেওয়া তথ্যমতে, আজ শুক্রবার জুমার নামাজও সড়কে আদায় করবেন তাঁরা।
শিক্ষার্থীরা জানিয়েছেন, সরকার যতক্ষণ না পর্যন্ত কলেজটিকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিচ্ছে, ততক্ষণ তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
গতকাল দুপুরে বেশ কয়েকজন অনশনরত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। তবে নতুন করে আরও শিক্ষার্থী অনশনে যুক্ত হয়েছেন বলে জানা গেছে।
শিক্ষার্থীদের দাবি শুনতে গতকাল রাত ৯টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. নুরুজ্জামান। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য আইন প্রণয়নসহ বেশ কিছু প্রক্রিয়া রয়েছে, যা সরকারের বিবেচনায় আছে।
কিন্তু শিক্ষার্থীরা তার এই আশ্বাস প্রত্যাখ্যান করে বলেন, “হয় এখনই বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দেন, নয়তো আপনিও আমাদের সঙ্গে অনশনে বসুন!”
এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। কলেজ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি কর্মকর্তারা শিক্ষার্থীদের বুঝিয়ে অনশন প্রত্যাহারের চেষ্টা করলেও এখন পর্যন্ত তাঁরা অনড় অবস্থানে রয়েছেন।
আন্দোলন আরও কতদিন চলবে, তা এখনো অনিশ্চিত। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না।
বিএম/সজীব



