ডেস্ক রিপোর্টঃ রংপুরের পীরগঞ্জে দুই বাসের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আসলাম খান, তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। তবে তাঁর বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি বাস বড়দরগাহ এলাকায় যাত্রী নামাচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা আরেকটি দ্রুতগতির বাস পেছন থেকে এসে ধাক্কা দিলে দুই বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ২০ জন যাত্রী আহত হন।
আহতদের মধ্যে ৮ জনকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এর মধ্যে গুরুতর আহত আসলাম খানকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ির ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, স্থানীয় জনগণ, পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধারকাজ চালিয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
দ্রুতগামী যানবাহনের বেপরোয়া গতি ও অসতর্কতা দুর্ঘটনার মূল কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে চালকদের আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিএম/সজীব



