ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জের বুড়ি ভৈরব নদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার বারবাজার ইউনিয়নের হাসিলবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পরে বুড়ি ভৈরব নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন চয়ন হোসেন (৭) ও আবীর হোসেন (৫)। চয়ন হোসেন উপজেলার হাসিলবাগ গ্রামের শওকত হোসেনের ছেলে ও আবীর হোসেন একই গ্রামের আবু সালেহ’র ছেলে।
স্থানীয় যুবক সবুজ হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে তিন শিশু মিলে বুড়ি ভৈরব নদের দিকে যায়। এরপর তারা ডুঙা (নৌকা) নিয়ে নদের মাঝখানে চলে যায়। এরমধ্যে এক শিশু বাড়িতে ফিরে আসে। কিন্তু সে কাউকে কিছু জানায় না। এরপর চারিদিকে ওই দুই শিশুর খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু কোথাও পাওয়া যায় না। এরপর নদের মাঝখানে খোঁজাখুজির একপর্যায়ে ডুঙাসহ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, ঘটনার পর থানা থেকে পুলিশের একটি দল ওই এলাকায় গিয়ে বিষয়টি তদন্ত করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।



