― Advertisement ―

এবার ঢাকায় রোবট দেবে ফিজিওথেরাপি

নিজস্ব প্রতিবেদক: এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক রোবটের মাধ্যমে পক্ষাঘাতগ্রস্ত ও দীর্ঘমেয়াদি স্নায়ুজনিত রোগীর অবস্থা অনুযায়ী অত্যন্ত নিখুঁতভাবে ফিজিওথেরাপি সেবা প্রদান করা সম্ভব। রোবটিক...

গ্রামীনফোনের ‘ফিউচারমেকার্স’-এর দ্বিতীয় সংস্করণ শুরু: যুবসমাজের হাত ধরে এআই কেন্দ্রিক সামাজিক উদ্ভাবনের আহ্বান

দেশের অন্যতম শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক আইডিয়া প্রতিযোগিতা ‘ফিউচারমেকার্স’-এর দ্বিতীয় সংস্করণ চালুর ঘোষণা দিয়েছে। উদ্ভাবনী সামাজিক সমাধান খুঁজে বের করতে স্টেম (STEM) ও নন-স্টেম সহ যেকোনো শিক্ষাগত পটভূমির শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

২০২৫ সালে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতাটি এ বছর “এআই ফর সোশ্যাল গুড” (সামাজিক কল্যাণে এআই) থিম নিয়ে ফিরে এসেছে। যার মূল উদ্দেশ্য তরুণ সমাজকে দায়িত্বশীল ও সৃজনশীল উপায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে সমাজ ও সম্প্রদায়ের নানা সমস্যার সমাধান করতে উৎসাহিত করা। চলতি বছরের আয়োজনে ছয়টি নির্দিষ্ট ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে: ডিজিটাল অন্তর্ভুক্তি ও শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানসিক কল্যাণ, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ, লিঙ্গ সমতা ও অন্তর্ভুক্তি, পরিবেশগত সামঞ্জস্য ও জলবায়ু প্রতিক্রিয়া এবং নিরাপত্তা ও তথ্য গোপনীয়তা।

যেকোনো বৈধ বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র ব্যবহার করে শিক্ষার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। এককভাবে কিংবা সর্বোচ্চ ৩ জনের দল গঠন করে (প্রতি দলে সর্বনিম্ন ১ জন এবং সর্বোচ্চ ৩ জন) এতে আবেদন করা যাবে। বিভিন্ন শিল্প খাত, প্রযুক্তি স্টার্টআপ এবং গ্রামীণফোনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল আবেদনগুলো মূল্যায়ন করবেন। বাছাইকৃতদের ধারণাগুলো ‘কনসেপ্ট পিচ’ এবং মেন্টরদের পরিচালনায় ‘ইগনিশন চেম্বার’-এর মাধ্যমে আরও পরিমার্জিত করা হবে, যা শিক্ষার্থীদের তাদের উদ্ভাবনী ধারণা গালা রাউন্ডে উপস্থাপনের উপযোগী করে তুলবে।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য নির্ধারিত আকর্ষণীয় অর্থ পুরস্কারের পাশাপাশি গ্রামীণফোনের ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলোতে সরাসরি অংশগ্রহণের ত্বরাণ্বিত সুবিধা (accelerated pathway) থাকবে।

গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) সাইয়েদা তাহিয়া হোসেন বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে আমাদের শেখা, সৃষ্টি করা ও সমস্যা সমাধানের ধরন পরিবর্তন করছে, তাতে ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণের জন্য এর সঠিক প্রয়োগ জানা এখন অত্যন্ত জরুরি। ‘ফিউচারমেকার্স’ এবং এই বছরের ‘এআই ফর সোশ্যাল গুড’ থিমের মাধ্যমে আমরা তরুণদের কেবল এআই ব্যবহারকারী হিসেবে নয়, বরং বাস্তব জটিলতার টেকসই ও কার্যকর সমাধানকারী হিসেবে গড়ে তুলতে চাই।”