দেশের স্মার্টফোন বাজারে শীর্ষস্থান ধরে রাখতে আগামী সেপ্টেম্বর মাসে বহুল প্রতীক্ষিত ‘রেডমি নোট ১৭’ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড শাওমি। এই সিরিজে বাজারে আসবে তিনটি নতুন স্মার্টফোন—‘রেডমি নোট ১৭ প্রোর ম্যাক্স ৫জি’, ‘রেডমি নোট ১৭ প্রো ৫জি’ এবং ফাইভজি প্রযুক্তির ‘রেডমি নোট ১৭’। বিশাল ব্যাটারি ব্যাকআপ, শক্তিশালী প্রসেসর, হাই-রেজুলেশন অ্যামোলেড ডিসপ্লে এবং এআই ক্যামেরা টেকনোলজি নিয়ে সিরিজটি সাজিয়েছে শাওমি।
লাইনআপের মূল আকর্ষণ ‘রেডমি নোট ১৭ প্রোর ম্যাক্স ৫জি’ ফোনটিতে থাকছে ১০,০০০ এমএএইচ (mAh) সিলিকন-কার্বন ব্যাটারি ও ১০০ ওয়াটের হাইপারচার্জ সুবিধা। দীর্ঘ সময় গেমিং, ভিডিও স্ট্রিমিং ও কনটেন্ট তৈরির অভিজ্ঞতা নিরবচ্ছিন্ন রাখতে এই পাওয়ার প্যাক তৈরি করা হয়েছে। সিরিজের অন্য মডেলেও থাকছে ব্যাটারি লাইফের বিশেষ সুবিধা; ‘রেডমি নোট ১৭ প্রো ৫জি’ মডেলে রয়েছে ৮,৩৪০ এমএএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং। অন্যদিকে, বেস মডেল ‘রেডমি নোট ১৭’ সমৃদ্ধ করা হয়েছে ৭,৭০০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট টার্বো চার্জিং দিয়ে।
ডিসপ্লে বিভাগে রেডমি নোট ১৭ প্রো ও প্রোর ম্যাক্স—উভয় হ্যান্ডসেটেই রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে (1.5K) ক্রিস্টালরেস অ্যামোলেড ডিসপ্লে, যা চমৎকার কালার এবং কনট্রাস্ট প্রদান করবে। এছাড়া বেস মডেলে দেওয়া হয়েছে ৬.৯৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস (FHD+) আই-কেয়ার অ্যামোলেড ডিসপ্লে। প্রতিটি ফোনেই থাকছে দ্রুত কাজ করার সুবিধার্থে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। প্রসেসর বিভাগে শাওমি প্রোর ম্যাক্স মডেলে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৫, প্রো মডেলে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৪ এবং সাধারণ মডেলে স্ন্যাপড্রাগন ৬এস ৪জি জেন ২ চিপসেট।
দৈনন্দিন ব্যবহারের স্থায়িত্ব বাড়াতে প্রোর প্রো ম্যাক্স মডেল দুটিতে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ এবং ৩ মিটার ড্রপ রেজিস্ট্যান্স সুরক্ষা। ধুলা ও পানির ক্ষতি এড়াতে এতে রয়েছে আইপি৬৬ (IP66), আইপি৬৮ (IP68) এবং উচ্চমানের আইপি৬৯/আইপি৬৯কে (IP69K) রেটিং। অন্যদিকে সাধারণ মডেলে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং আইপি৬৫ (IP65) প্রটেকশন। ক্যামেরা বিভাগে পুরো সিরিজের ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা সিস্টেম ব্যবহারকারীদের উন্নতমানের ছবি ও ভিডিও অভিজ্ঞতা দেবে।
বাংলাদেশে সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হওয়ার পর দেশের নিবন্ধিত শাওমি শোরুম ও অনুমোদিত রিটেইল শপগুলোতে স্মার্টফোনগুলো পাওয়া যাবে। গ্রাহকদের চাহিদা মেটাতে ব্যাটারি ও স্থায়িত্বকে প্রাধান্য দিয়ে রেডমি নোট ১৭ সিরিজটি মিড-রেঞ্জ বাজারে প্রতিযোগিতা তৈরি করবে বলে আশা প্রকাশ করছে প্রযুক্তি বিশ্লেষণকারী সংস্থাগুলো।



