― Advertisement ―

গাজায় ফের ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১২, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিশ্বব্যাপী যুদ্ধবিরতির দাবির মুখেও থামছে না এই আগ্রাসন। শুক্রবার (৪ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১২ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত ১৩৮ জন।

এই নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর মৃতের সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ৫২৩ জনে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে আছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন, যাদের জীবিত উদ্ধার করার আশা ক্ষীণ হয়ে পড়ছে। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক, যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। আল আহলি-আরব হাসপাতালে আহতদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাজার একটি উদ্ধারকারী সংস্থার মুখপাত্র বলেন, “ইসরায়েলের এ আগ্রাসন কেবল একটি যুদ্ধ নয়, এটি সম্পূর্ণ গণহত্যা। আশ্রয়কেন্দ্র, স্কুল ও হাসপাতালেও হামলা চালানো হচ্ছে। দার আল-আরকাম স্কুলে সরাসরি বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলি সেনারা।”
তিনি আরও বলেন, “এটি বিশ্ববাসীর জন্য এক জাগরণের ডাক। শিশু ও নারীদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। বিশ্ব আজ চুপ করে থাকতে পারে না।”

গত ১৮ মার্চ থেকে গাজায় আবারও বিমান হামলা শুরু করে ইসরায়েল। মাত্র দুই সপ্তাহেই প্রাণ হারান ১,১৬৩ জন, আহত হন প্রায় ২,৭০০ জন।
এর আগে ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হলেও মার্চ মাসের মাঝামাঝি সময়ে আবার নতুন করে হামলা শুরু করে, যার মূল কারণ হিসেবে হামাসের সঙ্গে মতানৈক্যকে দায়ী করা হয়।

জাতিসংঘের হিসাব বলছে, চলমান সংঘাতে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ ঘরছাড়া হয়েছেন এবং প্রায় ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার অভিযোগে মামলা চলছে।

বিএম/সজীব