আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার হুমকি নিয়ে রাশিয়া কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) মস্কো থেকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলার যে হুমকি দেওয়া হচ্ছে, তা শুধু অগ্রহণযোগ্যই নয়, বরং তা এক বৈশ্বিক বিপর্যয়ের কারণ হতে পারে।
জাখারোভা বলেন, “ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটি গোটা মানবজাতির জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে।”
তিনি আরও জানান, মস্কো শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনের ইরানের অধিকারকে সম্মান জানায় এবং এই ইস্যুর কূটনৈতিক সমাধানের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে।
এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক বিবৃতিতে বলেন, “তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে না আসে, তবে ইরানের ওপর সামরিক হামলা হবে অবশ্যম্ভাবী।” ট্রাম্পের এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত যুদ্ধবিমান এবং সামরিক শক্তি মোতায়েন করেছে।
রাশিয়া বলেছে, বাইরের কোনো দেশ যদি ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালায়, তাহলে এর প্রতিক্রিয়া হতে পারে ‘অপরিবর্তনীয় ও বিপর্যয়কর’। জাখারোভা বলেন, “এই ধরনের হুমকি বিশ্বের নিরাপত্তা কাঠামোর জন্য এক বিশাল হুমকি। এটি কোনভাবেই অনুমোদনযোগ্য নয়।”
পশ্চিমা বিশ্ব বহুদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছে, তাদের দাবি—তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে ইরান সবসময়ই এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের পারমাণবিক প্রকল্প সম্পূর্ণভাবে বেসামরিক এবং জ্বালানি উৎপাদনের লক্ষ্যে পরিচালিত। তথ্যসূত্র: রয়টার্স
বিএম/সজিব



