চীনের উত্তরাঞ্চলের হেবেই এবং উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশে ভয়াবহ বন্যায় সড়ক, বসতিপাড়া ও যানবাহন পানিতে তলিয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাস্তায় জমে থাকা গভীর পানির মধ্যে মানুষ সাঁতার কাটছেন এবং প্যাডলবোর্ড চালাচ্ছেন।
স্থানীয় সরকারি গণমাধ্যমের বরাতে জানা গেছে, হেবেই প্রদেশের কুয়ানচেং কাউন্টির বিভিন্ন সড়কে পানির উচ্চতা দুই মিটারেরও বেশি পৌঁছেছে। প্রায় ২ লাখ ৪০ হাজার মানুষের বসবাসকারী কুয়ানচেং লুয়ান নদীর তীরে অবস্থিত।
চীনের আবহাওয়া কর্তৃপক্ষ সতর্ক করেছে, চলমান ঝড়ের কারণে জিলিন, লিয়াওনিং, হেবেই, শানদং, জিয়াংসু ও আনহুই প্রদেশে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে আগে থেকেই টানা বৃষ্টিতে প্লাবিত এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।



