আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানে শক্তিশালী ৬.০ মাত্রার ভূমিকম্পে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫০ নিহত হয়েছেন। আজ সোমবার দেশটির পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছাকাছি শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটে। এতে হাজারো মানুষ আহত হয়েছেন বলে তালেবান কর্মকর্তারা জানিয়েছেন। খবর আনাদোলু ও এনবিসির।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি মধ্যরাতের দিকে (রবিবার স্থানীয় সময় রাত ১২টা/বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টা) পাকিস্তান সীমান্তের কাছে জালালাবাদ শহর থেকে প্রায় ১৭ মাইল দূরে আঘাত হানে।

সংস্থাটি আরো জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন হয়েছে। সেগুলোর মাত্রা ছিল চার দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক দুই এর মধ্যে।

দেশটির তালেবান সরকার জানায়, শুধুমাত্র কুনার প্রদেশেই ‘শত শত মানুষ’ নিহত হতে পারে। পাহাড়ি ও দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে বেশ বেগ পেতে হচ্ছে।

ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অসংখ্য গ্রাম। যেখানে অধিকাংশ কাঁচা ঘর-বাড়ি রয়েছে। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।

আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তারা বলছেন, নানগারহার ও কুনার প্রদেশে ভূমিকম্পের কারণে আহত ১১৫ জনের বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া যায়।



