ডেস্ক রিপোর্টঃ সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলন শেষে দেশে ফিরছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৫ জানুয়ারি) তিনি জুরিখ থেকে দেশে ফেরার জন্য রওনা হয়েছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।
ডব্লিউইএফ সম্মেলনে অংশগ্রহণের চারদিনের এই সফরে ড. ইউনূস ছিলেন অত্যন্ত ব্যস্ত। তিনি বিভিন্ন দেশি-বিদেশি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, মন্ত্রী এবং শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্বসহ প্রায় ৪৭টি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
২১ জানুয়ারি দাভোসে পৌঁছানোর পর প্রথম দিনেই ড. ইউনূস জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, পূর্ব তিমুরের রাষ্ট্রপতি জোসে রামোস-হোর্তা এবং থাই প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওয়াত্রাসহ বেশ কয়েকজন নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।
পরবর্তী দিনগুলোতে তিনি জলবায়ু পরিবর্তন, সামাজিক উদ্যোক্তা এবং অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে উচ্চপর্যায়ের আলোচনা ও অধিবেশনে অংশগ্রহণ করেন। বিশেষ করে, জলবায়ু পরিবর্তন নিয়ে তার বক্তব্য এবং দাভোসের ক্লাইমেট হাবে তার উপস্থিতি উল্লেখযোগ্য ছিল।
ড. ইউনূসের এই সফরের সময় তিনি মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড এবং বিশ্বব্যাংকের অপারেশনস বিভাগের এমডি আনা বিজের্ডসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তির সঙ্গে মতবিনিময় করেন।
উল্লেখ্য, দাভোস সফরের শেষ দিনে ডব্লিউইএফ প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াব আয়োজিত একটি বিশেষ বৈঠকে যোগদান এবং বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকগুলো তার এই সফরকে আরও অর্থবহ করেছে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এক বিবৃতিতে বলেন, “ডব্লিউইএফ-এর এই সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে ড. ইউনূস শুধু বাংলাদেশের প্রতিনিধিত্ব করেননি, বরং আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তাও তুলে ধরেছেন।”
বিএম/সজীব



