― Advertisement ―

ট্রাম্পের শপথের পর বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের এলএনজি চুক্তি

ডেস্ক রিপোর্টঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজি বছরে বাংলাদেশে ৫ মিলিয়ন মেট্রিক টন এলএনজি সরবরাহ করবে।

শুক্রবার (২৪ জানুয়ারি) আর্জেন্ট এলএনজি এক বিবৃতিতে জানিয়েছে, এটি ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এলএনজি সরবরাহ চুক্তি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ট্রাম্প জ্বালানি অনুসন্ধান ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনার কথা বলেছিলেন।

আর্জেন্ট এলএনজি বর্তমানে লুজিয়ানাতে ২৫ মিলিয়ন মেট্রিক টন পার এনুম (এমটিপিএ) অবকাঠামো নির্মাণ করছে, যা তাদের সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তি যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহ বৃদ্ধি এবং বাংলাদেশে জ্বালানি চাহিদা পূরণের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “এই চুক্তি আমাদের বর্ধমান শিল্প খাতের গ্যাস সরবরাহ নিশ্চিত করবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করবে।”

ইউক্রেন-রাশিয়া সংঘাতের পর গ্যাসের দাম বৃদ্ধিতে জ্বালানি সংকট মোকাবিলা করতে বাংলাদেশের এলএনজির দিকে ঝোঁকার প্রবণতা বৃদ্ধি পায়। তবে এই চুক্তি বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি চাহিদা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিএম/সজীব