আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের পূর্বাঞ্চলে প্রশিক্ষণ মহড়ার সময় ভয়াবহ দুর্ঘটনায় দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৩টা ৪০ মিনিটে সেন্ট-ডিজিয়ারের একটি বিমানঘাঁটির কাছে এই ঘটনা ঘটে।
ফরাসি বিমান ও মহাকাশ বাহিনীর তথ্যানুযায়ী, ‘প্যাট্রোইল ডি ফ্রান্স’ অ্যারোবেটিক্স দলের ছয়টি আলফা জেট মহড়ায় অংশ নেয়। এ সময় দুটি যুদ্ধবিমান আকাশে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং মুহূর্তেই মাটিতে আছড়ে পড়ে। তবে বিমানে থাকা দুই পাইলট ও একজন আরোহী দুর্ঘটনার আগে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ছয়টি যুদ্ধবিমান একসঙ্গে মহড়া চালাচ্ছিল এবং রঙিন ধোঁয়া ছাড়ছিল। সংঘর্ষের পর মুহূর্তের মধ্যে বিমান দুটি আগুনের বিশাল গোলায় পরিণত হয়।
ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু এক্স-পোস্টে (সাবেক টুইটার) নিশ্চিত করেছেন যে, জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে কাজ করছে এবং সামান্য আহত ক্রুদের হাসপাতালে নেওয়া হয়েছে।
এ দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফরাসি বিমান বাহিনী।
বিএম/সজীব



