― Advertisement ―

ভারতের গোয়েন্দা সংস্থা র-এর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার সুপারিশ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান বৈষম্য ও নিপীড়নের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের স্বাধীন প্যানেল ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ)। মঙ্গলবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে র-এর সাবেক কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া, ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান নিপীড়ন এবং বৈষম্যের কারণেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ভারতের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে, কারণ ওয়াশিংটন চীনের প্রতিপক্ষ হিসেবে নয়াদিল্লিকে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দেখছে। তবে ইউএসসিআইআরএফ ভারতকে ‘‘বিশেষ উদ্বেগের দেশ’’ হিসাবে তালিকাভুক্ত করার সুপারিশ করেছে।

প্রতিবেদনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু মুসলমান ও অন্যান্য সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। নির্বাচনী প্রচারের সময় মোদির ‘‘মুসলিম অনুপ্রবেশকারী’’ ও ‘‘বেশি সন্তান নেওয়া’’ সংক্রান্ত মন্তব্যেরও সমালোচনা করা হয়েছে।

ভারত মার্কিন এই প্রতিবেদনকে ‘‘পক্ষপাতদুষ্ট’’ বলে প্রত্যাখ্যান করেছে এবং সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছে। তবে ওয়াশিংটনের সুপারিশ ভারতের কূটনৈতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র: রয়টার্স।

বিএম/সজীব