ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে অনিয়ম, প্রার্থীর ওপর হামলা এবং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) নালিশ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে দলটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করে পটুয়াখালী-১ আসনের দুটি ইউনিয়নের ভোট বাতিলের দাবি জানান। হাতপাখার প্রার্থীদের অভিযোগ, প্রশাসনের নির্লিপ্ততার সুযোগ নিয়ে কোথাও বিএনপি আবার কোথাও জামায়াত কর্মীরা ভোটারদের বাধা দিয়েছেন।
নোয়াখালী-১ আসনে হাতপাখার প্রার্থী জহিরুল ইসলামের ওপর বর্বরোচিত হামলার খবর পাওয়া গেছে। দলটির দাবি, মহুরগঞ্জ এলাকায় প্রার্থীর ওপর হামলায় তিনি ও তাঁর ৩ কর্মী গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে ভোলা-১ আসনে নারী ভোটারদের ভয় দেখিয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিতে বাধ্য করার মতো গুরুতর অভিযোগ তুলেছে দলটি। নরসিংদী-৫ আসনে অভিযোগ আরও ভয়াবহ—সেখানে প্রশাসনের সামনেই বিএনপি কর্মীরা ‘জাল ভোট’ দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান জানান, তাঁরা নিরুপায় হয়ে ইসির শরণাপন্ন হয়েছেন। পটুয়াখালীর মির্জাগঞ্জে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার ঘটনায় তাঁরা ওই এলাকার ভোট বাতিলের জন্য অনড় অবস্থানে রয়েছেন। ইসি সচিব অভিযোগগুলো খতিয়ে দেখার আশ্বাস দিলেও, ভোটের মাঠের এই রক্তাক্ত চিত্র ও জালিয়াতির অভিযোগ নির্বাচনের স্বচ্ছতাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।



