― Advertisement ―

জর্জিয়ায় বিধ্বস্ত হলো তুরস্কের সামরিক বিমান

আন্তর্জাতিক ডেস্ক

আজারবাইজান থেকে উড্ডয়নের পর তুরস্কের একটি সামরিক কার্গো বিমান জর্জিয়ায় বিধ্বস্ত হয়েছে। আমেরিকার তৈরি সি-১৩০ বিমানটিতে অন্তত ২০ জন তুর্কি সেনাসদস্য ছিলেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে বলেন, ‘আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।’ দুর্ঘটনাস্থলে ইতিমধ্যে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে।’

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কার্গো বিমানটি আজারবাইজান থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, জরুরি উদ্ধারকর্মীরা উপস্থিত আছেন এবং ধ্বংসস্তূপের মধ্যে কাজ করছেন।

আমেরিকার তৈরি সি-১৩০ কার্গো বিমান।

জর্জিয়ার বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি কোনো বিপদ সংকেত পাঠানোর আগেই রাডার থেকে হারিয়ে যায়। জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিগনাঘি শহরের কাছে আজারবাইজান সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, উড়োজাহাজটি আকাশে ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। তবে তাৎক্ষণিকভাবে ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এক শোকবার্তায় বলেন, ‘সামরিক সদস্যদের প্রাণহানির এই দুঃখজনক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’ তিনি প্রেসিডেন্ট এরদোয়ান ও তুরস্কের জনগণের প্রতি সমবেদনা জানান।

সূত্র : বিবিসি