নিজস্ব প্রতিবেদক
পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে পুলিশের তালিকায় থাকা ‘শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাইফ মামুনকে আন্ডার ওয়ার্ল্ডের দ্বন্দ্বেই খুন করা হয় এবং তাকে হত্যা করতে দুই শুটারকে দুই লাখ টাকা দিয়েছিলেন আরেক সন্ত্রাসী রনি।
আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধজগতের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিলেন মামুন। ফলে বর্তমানে অপরাধজগতের নিয়ন্ত্রকরাই মামুনকে হত্যার পরিকল্পনা করে এবং সফল হয়।
এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও অস্ত্রের পাশাপাশি নগদ ১ লাখ ৫৩ হাজার টাকা উদ্ধারের তথ্য জানিয়েছে পুলিশ।
ডিএমপি কমিশনার জানান, এই ঘটনার পর অপরাধীরা ভারতে পালানোর চেষ্টা করছিল। শুরুতে সিলেট সীমান্ত পেরিয়ে ভারতে যেতে না পেরে সাতক্ষীরা দিয়ে পালানোর পরিকল্পনা ছিল তাদের। তবে সিলেট থেকে ফেরার পথে নরসিংদীতেই তাদের গ্রেপ্তার করে পুলিশ।



