উৎপাদন প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি ও দূষণ প্রতিরোধের সক্ষমতা না থাকায় ভারতের বৃহত্তম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সান ফার্মাসিউটিক্যালসের ওপর বড় ধরনের বিধিনিষেধ আরোপ করেছে চীন। দেশটির জাতীয় ঔষধ প্রশাসন (এনএমপিএ) সোমবার এক বিশেষ ঘোষণায় সান ফার্মার তৈরি ‘ডিমেনশিয়া’ চিকিৎসার ওষুধ আমদানি ও বিক্রি স্থগিত করার নির্দেশ দিয়েছে। মূলত একটি দূরবর্তী পরিদর্শনে (রিমোট ইন্সপেকশন) কোম্পানির গুণমান ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে চরম গাফিলতি ধরা পড়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
চীনের নিয়ন্ত্রক সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে, আলঝেইমারজনিত ডিমেনশিয়ার চিকিৎসায় ব্যবহৃত ‘রিভাস্টিগমিন হাইড্রোজেন টারট্রেট ক্যাপসুল’ তৈরিতে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে ওষুধের দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ এবং কোয়ালিটি কন্ট্রোল ইউনিটের অকার্যকারিতা বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত হয়েছে। ফলে জনস্বার্থ বিবেচনায় পুরো চীনজুড়ে এই নির্দিষ্ট ওষুধের ব্যবহার তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
এটি সান ফার্মার জন্য প্রথম কোনো ধাক্কা নয়। এর আগে ২০২৪ সালে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা এফডিএ-ও একই উৎপাদন কেন্দ্রের ওষুধের মান নিয়ে সতর্কবার্তা দিয়েছিল। সে সময় ‘কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস’ বা সিজিএমপি নীতি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল ভারতের এই কেন্দ্রটির বিরুদ্ধে। চীনের বাজারে ভারতীয় ওষুধের ক্রমবর্ধমান চাহিদার মাঝে সান ফার্মার এই বিপর্যয় কেবল ওই প্রতিষ্ঠানের ব্যবসায়িক ক্ষতি নয়, বরং বৈশ্বিক বাজারে ভারতীয় ওষুধের নির্ভরযোগ্যতা নিয়েও নতুন করে প্রশ্ন তুলে দিল।



