রাজধানীর খাবার রসিকদের চীনা রন্ধনশৈলী, ঐতিহ্য ও বর্ণিল সংস্কৃতি উদযাপনের সুযোগ দিতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বিশেষ খাদ্য উৎসব। বিশ্বখ্যাত হোটেল শৃঙ্খল আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টস-এর অঙ্গপ্রতিষ্ঠান ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট আয়োজন করেছে ‘ইম্পেরিয়াল ফ্লেভার্স অব চায়না’। ১৩ থেকে ১৯ আগস্ট ২০২৬ পর্যন্ত বিমানবন্দর সংলগ্ন এই পাঁচতারকা হোটেলের ফ্ল্যাগশিপ রেস্তোরাঁ ‘মোজাইক’-এ অনুষ্ঠিত হচ্ছে বিশেষ এই ডিনার বুফে।
এই আয়োজনে চীনের শতাব্দীর প্রাচীন ঐতিহ্যবাহী খাবার, এশীয় আমেজের বিশেষ রসনাবিলাস এবং মিষ্টি পদের বৈচিত্র্যময় সমাহার ঘটানো হয়েছে। হোটেলের অভিজ্ঞ কুলিনারি টিম পুরো মেনুটি এমনভাবে সাজিয়েছে যাতে অতিথিরা খাঁটি রাজকীয় চাইনিজ খাবারের আস্বাদন পান।

বুফেতে ঐতিহ্যবাহী চাইনিজ আইটেমের মধ্যে পরিবেশন করা হচ্ছে স্টিমড স্পঞ্জ কেক ‘মা লাই গো’ এবং তিল দিয়ে তৈরি মুচমুছে ‘জিয়ান দুই’ বা সেসামি বল। ডেজার্ট প্রেমীদের জন্য থাকছে ক্লাসিক চাইনিজ এগ টার্ট এবং ঐতিহ্যবাহী মুনকেক। এ ছাড়া রাজকীয় মিষ্টান্ন ‘এইট-ট্রেজার রাইস পুডিং’ বা বা বাও ফান, লিচুর সঙ্গে তৈরি আলমন্ড জেলি এবং চাইনিজ বানানা ফ্রিটার্স রাখা হয়েছে মেনুতে।
চীনা পদের পাশাপাশি এশীয় ঘরানার অন্যান্য সিগনেচার ডিশও যুক্ত করা হয়েছে। থাইল্যান্ডের বিশ্বখ্যাত মিষ্টি খাবার ‘খাও নিও মামুয়াং’ বা থাই সুইট কোকোনাট স্টিকি রাইস উইথ ম্যাংগো এতে বিশেষ মাত্রা যোগ করেছে। সঙ্গে রয়েছে কোকোনাট ট্যাপিওকা পুডিং উইথ ম্যাংগো অ্যান্ড পোমেলো এবং সুগন্ধি ফাইভ-স্পাইস চকলেট শিফন কেক। খাবার শেষে মিষ্টিমুখ করার জন্য থাকছে দেশীয় সাত পদের মিষ্টির আলাদা কাউন্টার।

উৎসবটিকে কেবল একটি সাধারণ রাতের খাবারের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি। অতিথিদের খাঁটি চীনা সংস্কৃতির আমেজ দিতে পুরো সপ্তাহজুড়ে আয়োজন করা হয়েছে রাজকীয় ড্রাগন ড্যান্স। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে চীনের ঐতিহ্যবাহী নানা সাংস্কৃতিক পারফরম্যান্স, যা উৎসবে আগত অতিথিদের এক উৎসবমুখর আবহে নিয়ে যাবে।
বর্ণাঢ্য এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এয়ার চায়নার স্টেশন ম্যানেজার সান শিন। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সান শিন এই উদ্যোগকে দুই দেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের চমৎকার দৃষ্টান্ত বলে উল্লেখ করেন।

উদ্বোধনী পর্বে আইএইচজি সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার এবং ক্রাউন প্লাজা ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বানি নায়ার তাঁর আবেগ প্রকাশ করেন। তিনি বলেন, “ইম্পেরিয়াল ফ্লেভার্স অব চায়না কেবল খাবারের আয়োজন নয়। এটি চীনের সংস্কৃতি ও আতিথেয়তার প্রতি সম্মান প্রদর্শন।”
অশ্বানি নায়ার আরও যোগ করেন, “আমরা পারফেক্ট টেস্ট, খাঁটি চীনা পরিবেশনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পারফরম্যান্সের সমন্বয়ে একটি স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করেছি। বাংলাদেশে এয়ার চায়নার সহকারী ব্যবস্থাপককে এই অনুষ্ঠানে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের সম্মানিত অতিথি ও অংশীদারদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নেওয়াই মূল লক্ষ্য।”

আন্তর্জাতিক ও দেশীয় অংশীদারদের সংযোগে এই উৎসব আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। উৎসবের অফিশিয়াল এয়ারলাইন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বিমানসংস্থাটির পক্ষ থেকে এক ভাগ্যবান অতিথি পাবেন ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটে একটি ফ্রি রাউন্ড-ট্রিপ এয়ার টিকিট।
ব্যাংকিং পার্টনার হিসেবে পাশে রয়েছে এনসিসি ব্যাংক। এ ছাড়া নির্দিষ্ট শর্তাধীনে এনসিসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের কার্ডধারীদের জন্য রয়েছে ‘ডাইন ৪, পে ১’ বিশেষ সুবিধা। অর্থাৎ চারজন অতিথি একসঙ্গে খাবার খেলে পেমেন্ট করতে হবে মাত্র একজনের।

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের সিভিল এভিয়েশন প্লটে অবস্থিত ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট। আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন হওয়ায় দেশি-বিদেশি অতিথিদের যাতায়াত অত্যন্ত সুগম। ১৩ থেকে ১৯ আগস্ট প্রতিদিন সন্ধ্যায় মোজাইক রেস্তোরাঁয় এই বুফে উপভোগ করা যাচ্ছে।
উৎসব সম্পর্কিত যেকোনো অনুসন্ধান বা অগ্রিম টেবিল বুকিংয়ের জন্য তিনটি বিশেষ হটলাইন নম্বর (+৮৮ ০৯৬৩৮-৩৮৮৮৮৮, +৮৮০ ১৮৮৭-৩৩৩৫৫৫ এবং +৮৮০ ১৮৮৬-৪৪১১৫৫) খোলা রাখা হয়েছে। আয়োজকরা আশা করছেন, রসিক ভোজনরসিকদের জন্য এই সপ্তাহটি হবে অসাধারণ এক স্বাদভ্রমণ।



