― Advertisement ―

ইরান যুদ্ধে ৪৫টি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪৫টি এমকিউ-৯ রিপার নজরদারি ও হামলাকারী ড্রোন হারিয়েছে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, হারানো ড্রোনের সংখ্যা যুক্তরাষ্ট্রের মোট এমকিউ-৯ রিপার বহরের প্রায় এক-চতুর্থাংশ। প্রতিটি ড্রোনের উৎপাদন খরচ সেন্সর ও সরঞ্জামের ধরন অনুযায়ী প্রায় ৩ কোটি থেকে ৫ কোটি ডলার হওয়ায়, মোট ক্ষতির আর্থিক মূল্য প্রায় ১৩০ কোটি ডলার পর্যন্ত হতে পারে।

তবে সব ড্রোনই যে ইরানের হামলায় ভূপাতিত হয়েছে, তা নয়। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি ড্রোনের সঙ্গে নিয়ন্ত্রণ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সেগুলো বিধ্বস্ত হয়েছে। ফলে হারানো সব ড্রোনের ক্ষেত্রে সরাসরি শত্রুপক্ষের হামলাকে দায়ী করা যাচ্ছে না।

যুদ্ধ শুরুর সময় মার্কিন সামরিক বাহিনীর কাছে আনুমানিক ১৮৫টি এমকিউ-৯ রিপার ছিল। এর মধ্যে ১৬৫টি বিমানবাহিনীর এবং ২০টি মেরিন কোরের বহরে ছিল। মেরিন কোর জানিয়েছে, তাদের কোনো রিপার ড্রোন হারায়নি।

এই ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি নজরদারি ও নির্ভুল হামলা সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। একই সময়ে ইরানের সঙ্গে দীর্ঘ সংঘাতের কারণে মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের মজুত নিয়েও উদ্বেগ বাড়ছে।

ভারতের ৩১টি এমকিউ-৯বি ড্রোন

এদিকে ভারত ২০২৪ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩১টি এমকিউ-৯বি স্কাই গার্ডিয়ান ও সি গার্ডিয়ান ড্রোন কেনার চুক্তি করে। চুক্তিতে ভারতীয় নৌবাহিনীর জন্য ১৫টি এবং স্থলবাহিনী ও বিমানবাহিনীর জন্য আটটি করে ড্রোন রয়েছে।

এমকিউ-৯বি ড্রোনগুলো দীর্ঘ সময় আকাশে অবস্থান করে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং নির্ভুল হামলার কাজে ব্যবহারের জন্য তৈরি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই ড্রোনগুলো দেশটির সশস্ত্র বাহিনীর গোয়েন্দা, নজরদারি ও পর্যবেক্ষণ সক্ষমতা বাড়াবে।