ডেস্ক রিপোর্ট: ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানুর দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটল। গত মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে একটি বিবৃতিতে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। তাদের এই সিদ্ধান্তে হতবাক হয়েছেন ভক্তরা। কেউই যেন এই খবর মেনে নিতে পারছেন না।
বিচ্ছেদের কারণ হিসেবে তাদের আইনজীবী জানিয়েছেন, গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও মানসিক দূরত্বের কারণেই এই ভাঙন। নিজের অনুভূতি প্রকাশ করে এ আর রহমান লিখেছেন, “আমরা আশা করেছিলাম একসঙ্গে বিবাহিত জীবনের ৩০ বছরে পা দেব। কিন্তু আমরা কেউই সম্পর্কটা ঠিক মানিয়ে নিতে পারছিলাম না। এখন যদি আমরা এই ছিন্নভিন্ন সম্পর্কের মানে খুঁজতে যাই, তাহলে হয়তো শুধুই টুকরোগুলোকে খুঁজে পাবো। তবু, এই যন্ত্রণার মধ্যেও আমরা জীবনের অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করব। আমি আশা করব, আপনারা আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন। ঠিক এতদিন যেভাবে করে এসেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা।”
অন্যদিকে সায়রা বানু জানান, এই সিদ্ধান্ত তার জন্য মোটেও সহজ ছিল না। তিনি বলেন, “অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের একান্তে কিছু সময় দিন।”

১৯৯৫ সালে সায়রা বানুকে বিয়ে করেন এ আর রহমান। তাদের ঘরে রয়েছে তিন সন্তান—খাতিজা, রাহিমা এবং আমিন। কিন্তু দাম্পত্য জীবনের একপর্যায়ে একে অপরের সঙ্গে তৈরি হওয়া মানসিক দূরত্ব তাদের আলাদা হওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

বিচ্ছেদের ঘোষণার পর ভক্তরা তাদের প্রিয় তারকার জন্য সমবেদনা প্রকাশ করেছেন। তারা রহমান ও সায়রার গোপনীয়তা এবং মানসিক শান্তিকে সম্মান জানাবেন বলে আশা প্রকাশ করেছেন।



