― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

উচ্চ-রেজোলিউশনের জলবায়ু মডেল চালু করল আবহাওয়া অধিদপ্তর

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কবার্তার মান বাড়াতে উচ্চ-রেজোলিউশনের জলবায়ু প্রক্ষেপণ তথ্য ও আধুনিক জলোচ্ছ্বাস পূর্বাভাস মডেল চালু করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। নতুন এই প্রযুক্তি ব্যবহার করে এখন থেকে ঘূর্ণিঝড়ের সময় জলোচ্ছ্বাসের উচ্চতা, প্লাবিত এলাকা এবং সমুদ্রের ঢেউয়ের গতিপ্রকৃতি আরও নিখুঁতভাবে জানা যাবে।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে পরিচালিত সক্ষমতা উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রযুক্তি বিকাশ করা হয়েছে। এ মাইলফলক উদযাপনে ৩০ জুলাই ২০২৬ তারিখে রাজধানীর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে একটি জাতীয় সেমিনারের আয়োজন করে বিএমডি ও জাইকা। সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন।

বিএমডির পরিচালক মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাইকা বাংলাদেশ কার্যালয়ের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উইং-৩ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুর রহমান। এতে বিভিন্ন সরকারি, আন্তর্জাতিক ও গবেষণা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

প্রকল্পের আওতায় জুলাই মাসজুড়ে বিএমডির কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দেন জাপান আবহাওয়া সংস্থার (জেএমএ) মেটিওরোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের প্রখ্যাত বিজ্ঞানী ড. আকিহিকো মুরাতা ও ড. নাদাও কোহ্নো। এই কারিগরি সহযোগিতার ফলে দেশের আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাসের সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

নতুন এই জলবায়ু প্রক্ষেপণে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলে মৌসুমি বৃষ্টিপাতের হার সামনে আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি অতি ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যার আশঙ্কা বাড়বে। বর্ষা মৌসুম শুরুর পরও তীব্র তাপপ্রবাহ দেখা যেতে পারে। শীতকালে ও বর্ষা-পরবর্তী সময়ে ঘন কুয়াশার প্রবণতা বৃদ্ধি পাবে।

ইতোমধ্যে নতুন জলোচ্ছ্বাস মডেলটির আনুষ্ঠানিক ব্যবহার শুরু হয়েছে। সাধারণ মানুষ ও অংশীজনেরা বিএমডির নিজস্ব ওয়েবসাইটে সরাসরি এই পূর্বাভাস দেখতে পাবেন। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ‘আর্লি ওয়ার্নিংস ফর অল’ উদ্যোগের সাথে সামঞ্জস্য রেখে এই মডেল তৈরি করা হয়েছে।