আলজেরিয়ার কারাগারে দীর্ঘদিন বন্দি থাকার পর মুক্ত চার বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। চলতি ২০২৬ সালের ৩০ জুলাই তারা নিরাপদে ঢাকায় পৌঁছান। বৈধ ভিসা ও কাজের অনুমতি না থাকায় অবৈধভাবে অবস্থানের অভিযোগে সেখানকার পুলিশ তাদের গ্রেফতার করেছিল।
বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি মোট ১৪ জন বাংলাদেশিকে আটক করে আলজেরিয়ার স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানব পাচারকারীদের প্রলোভনে পড়ে তাদের অধিকাংশ অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছিলেন।
ঘটনাটি জানার পরপরই সক্রিয় পদক্ষেপ নেয় আলজিয়ার্সস্থ বাংলাদেশ দূতাবাস। তারা আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাসমূহের সাথে সার্বক্ষণিক যোগাযোগ স্থাপন করে। আটক বাংলাদেশিদের আইনি সহায়তার জন্য অবিলম্বে একজন অভিজ্ঞ আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
বাংলাদেশ সরকারের সরাসরি আর্থিক পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই আইনি প্রক্রিয়ায় দূতাবাস প্রতিনিধিরা সরাসরি আদালতে উপস্থিত থাকেন এবং নিয়মিত জেল পরিদর্শনের মাধ্যমে বন্দিদের সার্বিক খোঁজখবর রাখেন। সব আইনি প্রক্রিয়া শেষে গত ৩০ জুন দেশটির একটি স্থানীয় আদালত ওই চার বাংলাদেশিকে বেকসুর খালাস ও মুক্তির রায় প্রদান করে।
কারাগারে বন্দি থাকা অবশিষ্ট ১০ জন বাংলাদেশির দ্রুত মুক্তি ও নিরাপদে দেশে ফেরাতে স্থানীয় প্রশাসনের সাথে দূতাবাস নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। তাদের নিয়মিত আইনি সহায়তাও দেওয়া হচ্ছে।
একই সাথে দূতাবাসে কর্মরত প্রতিনিধিরা বন্দিদের স্বজনদের উদ্বিগ্ন না হতে অনুরোধ জানিয়েছেন। পরিবারের সদস্যদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে বন্দিদের অবস্থা সম্পর্কে সর্বশেষ তথ্য নিয়মিত আপডেট করা হচ্ছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



