― Advertisement ―

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’

ইতালিভিত্তিক বাংলাদেশ দূতাবাসে ভাবগম্ভীর পরিবেশ ও যথাযোগ্য মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” পালিত হয়েছে। বুধবার (০৫ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে ইতালীয় নাগরিক, প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য, সাংবাদিক এবং দূতাবাসের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা সমবেত হন।

অনুষ্ঠানের সূচনায় ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণআন্দোলনসহ বাংলাদেশের সব গণতান্ত্রিক সংগ্রামে প্রাণদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন উপস্থিত সবাই।

এরপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া বিশেষ বাণী পাঠ করে শোনানো হয়। একইসঙ্গে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) থেকে পাঠানো একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের আবেগে আপ্লুত করে।

অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ” শীর্ষক উন্মুক্ত আলোচনা সভা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রবাসী বাংলাদেশিরা ২০২৪-এর বিপ্লবে দেশের শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক ও সাধারণ মেহনতি মানুষের বীরত্বপূর্ণ অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের নেওয়া যেকোনো উদ্যোগে সব ধরনের সমর্থনের প্রতিশ্রুতি দেন তারা।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক তাঁর বক্তব্যে জুলাই-আগস্ট আন্দোলনের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জোর দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনকে পাথেয় করে বর্তমান সরকার একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে নিরলস কাজ করছে।

রাষ্ট্রদূত আন্দোলন চলাকালে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের সোচ্চার ভূমিকার প্রশংসা করেন এবং প্রবাসীদের অবদান গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। নিজ নিজ জায়গা থেকে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।