আন্তর্জাতিক ডেস্ক
দুই বছর আগে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুর অশান্ত হয়ে ওঠে। দুই বছরের বেশি সময় পর সে রাজ্যে সফরে গেলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে একটি জনসভায় বক্তব্য দিয়েছেন তিনি।
বক্তব্যে তিনি বলেছেন, ‘রাজ্যে পুরোপুরি শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছি।’
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) মনিপুর রাজ্যের চুরাচাঁদপুরে আয়োজিত সভায় তিনি আরো বলেছেন, ‘আমরা মণিপুরকে শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে গড়ে তুলতে চাই। আমি আজ আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি।’
মোদি বলেন, ‘আমি আপনাদের সঙ্গে রয়েছি। মণিপুরে স্থিতাবস্থা ফেরাতে, শান্তি আনার জন্য সরকার কাজ করছে।’
মণিপুরে ২০২৩ সালের মে মাস থেকে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়েছিল। তারপর ২৮ মাস কেটে গিয়েছে।
আগে কেন প্রধানমন্ত্রী মণিপুর সফরে যাননি সে নিয়ে বারবার কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলগুলোও। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে খোদ মণিপুরের বাসিন্দাদেরও।



