নিজস্ব প্রতিবেদক
ভোরের আলো কেবল ফুটতে শুরু করেছে পুব আকাশে। একটি বড় মাইক্রোবাসে চালকসহ একই পরিবারের ১২জন যাচ্ছিলেন গন্তব্যের দিকে। গাড়িতে থাকা অধিকাংশই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। চালক নিজেও ঘুম ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন। এমন সময় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
আজ বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া।
তিনি বলেন, মাইক্রোবাসটিতে চালকসহ একই পরিবারের ১২ জন যাত্রি ছিলেন। তাদের মাঝে সাতজনই ঘটনাস্থলে নিহত হন। বাকিরা আঘাত পেলেও প্রাণে বেঁচে গেছেন। তবে জীবিতদের মধ্যেও একধিক আশংকাজনক অবস্থায় আছেন।
কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, জানতে চাইলে তিনি বলেন, সাধারণভাবে দেখলে এটি একটি সড়ক দুর্ঘটনা। তবে মাইক্রোবাসটিতে অন্য কোন গাড়ি ধাক্কা দেয়নি। চালক ঘুম ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন। এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের খালে পরে যায়। যাদের মৃত্যু হয়েছে, তারা মূলত পানিতে ডুবে মারা গেছেন।
জানা যায়, মাইক্রোবাসে থাকা পরিবারটি তাদের ওমান প্রবাসী এক আত্মীয়কে আনতে ঢাকায় গিয়েছিলেন। ঢাকা থেকে তাদের বাড়ি লক্ষীপুর ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।



