― Advertisement ―

জুলাই বিপ্লবের চেতনা ধারণ করেই এগোবে আইন মন্ত্রণালয়; প্রথম দিনেই বড় অঙ্গীকার

বাংলাদেশের বিচারিক ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করতে পাহাড় সমান প্রত্যাশার ভার কাঁধে নিয়েছেন নবনিযুক্ত আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সচিবালয়ে তাঁর প্রথম কার্যদিবসে সাংবাদিকদের...

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছে জেলা প্রশাসন। তাঁর স্বামী জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে শেষ বিদায় ও জানাজায় অংশ নেওয়ার সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য এই অন্তর্বর্তীকালীন মুক্তি কার্যকর থাকবে।

পারিবারিক সূত্র জানায়, ব্যারিস্টার তৌফিক নেওয়াজ দীর্ঘদিন বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাবার মৃত্যুর পর মরদেহ ঢাকায় রেখে বুধবার সকাল থেকেই মায়ের মুক্তির আইনি প্রক্রিয়ায় নেমে পড়েন তাঁদের মেয়ে তানি দীপাবলি নেওয়াজ।

বুধবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন দীপাবলি। পরবর্তী সময়ে দুপুর পৌনে ২টার দিকে তিনি মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে চার দিনের প্যারোল আবেদন জমা দেওয়া হয়। আবেদনটি পর্যালোচনা করে প্রশাসন ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করে।

বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী রয়েছেন ডা. দীপু মনি। প্যারোলে মুক্ত হয়ে তিনি ঢাকায় পৌঁছানোর পরই ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে বিগত সরকারের পতনের পর সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৬০টিরও বেশি মামলা দায়ের করা হয়। ২০২৪ সালের ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেপ্তার করে। সেই থেকে তিনি বিভিন্ন মামলায় কারাগারে বন্দী রয়েছেন।