― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

কোদাল দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জেরে কোদাল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নুর হাবা (২৫) নামে এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট ২০২৬) সকালে চন্দনাইশ পৌরসভার উল্লাহপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত স্বামী মো. সেলিমকে (২৪) আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নুর হাবা এবং তাঁর স্বামী মো. সেলিম দুজনেই রোহিঙ্গা নাগরিক। তাঁরা চন্দনাইশ পৌরসভার উল্লাহপাড়া এলাকার আইয়ুব আলী সওদাগরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

বুধবার সকালে মো. সেলিম কোদাল নিয়ে কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হন। তবে কিছুক্ষণ পরই তিনি আবার ঘরে ফিরে আসেন। এসে দেখতে পান তাঁর স্ত্রী ঘরের দরজা বন্ধ করে বাইরে যাচ্ছেন। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে ক্ষুব্ধ সেলিম হাতে থাকা কাজের কোদাল দিয়ে স্ত্রীর ওপর এলোপাতাড়ি হামলা চালান এবং কুপিয়ে গুরুতর জখম করেন।

চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় নুর হাবাকে উদ্ধার করেন। পরে তাঁকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ার সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে হাসপাতালে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মো. সেলিমকে আটক করেছে। নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।