মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্সটি সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে।
এর আগেই ওসমান হাদিকে নিতে বেলা সাড়ে এগারোটার দিকে এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছায় ঢাকার বিমানবন্দরে। তার সাথে সিঙ্গাপুর যাচ্ছেন তার ভাই ওমর বিন হাদি ও রাজনৈতিক সহযোদ্ধা আমিনুল হাসান ফয়সাল।
গতকাল রবিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবারই নেওয়া হবে সিঙ্গাপুরে।আজ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, শরিফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুল্যান্সে তুলে দেওয়ার সময় স্বাস্থ্য উপদেষ্টা, বিশেষ সহকারী ও স্বাস্থ্য সচিব বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় ওসমান হাদির মাথায় গুলি করে ফয়সল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার সহযোগী আলমগীর। পরে তারা ভারতে পালিয়ে যায় বলে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।



