সামরিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং বন্ধুপ্রতীম দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সরকারি সফরে সৌদি আরব গেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইএসপিআর জানায়, সফরকালে নৌবাহিনী প্রধান সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, রয়্যাল সৌদি নেভাল ফোর্স-এর প্রধান এবং বহুজাতিক মেরিটাইম ডিফেন্স কোয়ালিশন কমান্ডারের সাথে পৃথক সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি বিদ্যমান পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও নৌবাহিনীর মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।
সৌদি আরবে অবস্থানকালে এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম দেশটির বিভিন্ন সামরিক ও গুরুত্বপূর্ণ নৌ স্থাপনা পরিদর্শন করবেন। একই সঙ্গে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়, উচ্চতর প্রশিক্ষণ প্রদান এবং আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন তিনি।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশটির সাথে বাংলাদেশ নৌবাহিনীর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। সফর শেষে নৌ প্রধানের দেশে ফেরার কথা রয়েছে।
সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল-কমিশ শাম্মী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌবাহিনী প্রধানের এই সফর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান পারস্পরিক সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ এবং ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



