নিজস্ব প্রতিবেদক :
ঝালকাঠির রাজাপুরে খুনের ৩৬ ঘন্টার মধ্যেই খুনিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বরিশাল র্যাব-৮ ও ঢাকা র্যাব-১ এর যৌথ অভিযানে হত্যাকারী নাজমুল খানকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। র্যাবের মিডিয়া সেল থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মেজর সোহেল রানা।
র্যাব জানায়, ঝালকাঠির রাজাপুরে আবুল বাসার (৪৫) নামে এক রাজমিস্ত্রিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ নাজমুল হাসান খান। গত রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল বাসার সাউথপুর গ্রামের মৃত তানজের আলী হাওলাদারের ছেলে ও আসামী নাজমুল একই এলাকার পান্নু খানের ছেলে।
জানা যায়, রবিবার সন্ধ্যায় আবুল বাসার কাজ শেষে বাড়ি ফেরার পথে হামলা করেন নাজমুল হাসান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আবুল বাসারকে ফেলে রেখে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরের দিন সোমবার নাজমুলকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের একদিন না যেতেই প্রধান আসামী নাজমুলকে গ্রেফতার করা হয়্। এ বিষয়ে আরো বিস্তারিত পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানান র্যাব কর্মকর্তা মেজর সোহেল রানা।



