রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন (বিডিজেএ)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ঢাকার বিটিএমসি ভবনের রেইনী রুফ রেস্টুরেন্টে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল শেষে এই ঘোষণা দেওয়া হয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাই টিভির প্লানিং এডিটর ও চিফ রিপোর্টার মাহবুব সৈকত এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সানবীর রুপল।
সংগঠনের উপদেষ্টা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকনের নেতৃত্বে গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশন এই নতুন কমিটির নাম ঘোষণা করেন। কমিশনের অন্য দুই সদস্য ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চিফ নিউজ এডিটর মোস্তফা আকমল এবং ডিআরইউ-এর সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠু। নতুন এই কমিটি আগামী দুই বছর বরিশালের সাংবাদিকদের এই শক্তিশালী প্লাটফর্মের নেতৃত্ব দেবে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি এম. এম. বাদশাহ (বাংলা টিভি), সহ-সভাপতি কে জেড সোহেল (বাংলা ভিশন), সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুব জুয়েল (এশিয়ান টিভি), সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন (ঢাকা মেইল) এবং অর্থ ও দপ্তর সম্পাদক ফাহিম মোনায়েম (বৈশাখী টিভি)। এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইউসুফ বাচ্চু এবং প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক হিসেবে মিজানুর রহমান মিন্টু নির্বাচিত হয়েছেন। কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে তারিকুল ইসলাম মাসুম ও মিজান সবুজসহ অভিজ্ঞ সংবাদকর্মীদের।
অনুষ্ঠানে সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন জাতীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা জানান এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং নিজাম উদ্দিনসহ রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ। নবনির্বাচিত নেতারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং সদস্যদের পেশাগত কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।



