― Advertisement ―

ব্রুকলিনের বন্দিশিবিরে মাদুরো, জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করার পর তাদেরকে নিউ ইয়র্কে নেওয়া হয়েছে।

গতকাল শনিবার মাদুরো ও তার স্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমানঘাঁটিতে অবতরণ করে।

সেখান থেকে ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে নেওয়া হয়। পরে তাদের মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) কার্যালয়ে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মাদুরো ও তার স্ত্রীকে ব্রুকলিনের বন্দিশিবিরে পাঠানো হয়েছে।

মাদুরো ও তার স্ত্রী সিলিয়ার বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ আনা হয়েছে। তবে আগে থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছিলেন মাদুরো।

এদিকে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। মার্কিন বাহিনী যেভাবে সামরিক আগ্রাশন চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করে নিয়ে গেছে, সেটিকে গভীর উদ্বেগজনক বিষয় উল্লেখ করে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে ‘সব পক্ষকে নিয়ে সংলাপে বসার’ জন্য ভেনেজুয়েলার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

এমন পরিস্থিতিতে মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

মাদুরোর বিরুদ্ধে ট্রাম্প মাদক পাচারের অভিযোগ আনার পর তিনি পাল্টা অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্র “মাদকের বিরুদ্ধে যুদ্ধ”কে অজুহাত হিসেবে ব্যবহার করছে তাকে ক্ষমতাচ্যুত করতে এবং ভেনেজুয়েলার বিশাল তেলসম্পদ দখল করতে।

সূত্র: বিবিসি