― Advertisement ―

ভারত সীমান্তে বাংলাদেশীদের হত্যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ

সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। অথচ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতের নাগরিকদের হাতে গত ২০২৫ সালে ৩৪ জন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিএসএফের হাতে ৩৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে ২৪ জন গুলিতে এবং ১০ জন নির্যাতনের ফলে মারা গেছেন। আগের বছরগুলোতে নিহতের সংখ্যা ছিল ২০২৪ সালে ৩০, ২০২৩ সালে ৩১, ২০২২ সালে ২৩ এবং ২০২১ সালে ১৮ জন।

এ ছাড়া ২০২৫ সালে শুরুমাত্র সিলেট সীমান্ত এলাকায় ভারতের নাগরিকদের, বিশেষ করে খাসি জনগোষ্ঠীর সদস্যদের হাতে অন্তত ১২ জন বাংলাদেশি নিহত হয়েছেন।

আসকের তথ্য অনুযায়ী, একই বছরে আরও অন্তত ৩৮ জন বাংলাদেশি গুলিবিদ্ধ বা নির্যাতনের শিকার হন এবং ১৪ জনকে বিএসএফ অপহরণ করে, যাদের মধ্যে মাত্র চারজনকে ফেরত পাঠানো হয়েছে।

আসকের প্রতিবেদনে কিছু ঘটনার উল্লেখ রয়েছে। যার মধ্যে ২০২৫ সালের ১৬ এপ্রিল লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে হাসিবুল আলম (২৪) নামের এক তরুণ নিহত হন। বিএসএফ তাকে একজন চোরাচালানকারী বলে অভিযোগ করে। কিন্তু আসলে, সে তার গরুর জন্য ঘাস সংগ্রহ করতে নো ম্যানস ল্যান্ডে গিয়েছিল।

স্থানীয় কৃষকদের উদ্ধৃতি দিয়ে আসক জানিয়েছে, ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে আহত অবস্থায় ভারতীয় ভূখণ্ডে নিয়ে যায় এবং ভারতেই তার মৃত্যু হয়। ভারতীয় কর্তৃপক্ষ ২৪ ঘন্টারও বেশি সময় পর তার মৃতদেহ বাংলাদেশের কাছে হস্তান্তর করে।

মানবাধিকারকর্মী নাসির উদ্দিন এলান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সীমান্ত হত্যার ঘটনা বেড়েছে এবং বর্তমানে ভারত-বাংলাদেশ সম্পর্ক ভালো নেই।

এ বিষয়ে জানতে বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশনস) মো. মাহবুব মুর্শেদ রহমানকে ফোন ও ক্ষুদেবার্তা পাঠালেও তিনি কোন জবাব দেননি।

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকেও ফোনকল ও ক্ষুদেবার্তার কোন জবাব দেননি।

প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪,০৯৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। যা বিশ্বের পঞ্চম দীর্ঘতম স্থল সীমান্ত। এর মধ্যে রয়েছে ভারতের আসাম রাজ্যের সাথে ২৬২ কিলোমিটার, ত্রিপুরার সাথে ৮৫৬ কিলোমিটার, মিজোরামের সাথে ৩১৮ কিলোমিটার, মেঘালয়ের সাথে ৪৪৩ কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের সাথে বাকি ২,২১৭ কিলোমিটার সীমান্ত।