ডেস্ক রিপোর্টঃ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতি করতে যাওয়া তিন ডাকাত আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার রাতে র্যাব ও পুলিশের যৌথ অভিযানের মাধ্যমে ব্যাংক ভেতরে আটকে থাকা জিম্মিদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম নিশ্চিত করেছেন যে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জানান, “ডাকাত দলের তিন সদস্য আত্মসমর্পণ করেছে। ব্যাংকে আটকে থাকা সব কর্মকর্তা ও গ্রাহককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।”
এর আগে, বৃহস্পতিবার দুপুরে রূপালী ব্যাংকের এই শাখায় ডাকাত দলের প্রবেশের ঘটনা ঘটে। ব্যাংকের ভেতরে থাকা কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে ডাকাতরা ভেতরে অবস্থান নেয়।
ঘটনার খবর পাওয়ার পর র্যাব ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে চারপাশ ঘিরে ফেলে। ডাকাতদের আত্মসমর্পণ করানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক কৌশল অবলম্বন করে।
পাশের মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হয় এবং ঘটনাস্থলে জনসাধারণের প্রবেশ সীমিত করা হয়। দীর্ঘ আলোচনার পর ডাকাতরা আত্মসমর্পণে রাজি হয়।
এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, আত্মসমর্পণকারী ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের পেছনের উদ্দেশ্য ও সহযোগীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে।
বিএম/সজীব
আরও পড়ুনঃ
কেরাণীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতি, কর্মকর্তা-গ্রাহক জিম্মি



