― Advertisement ―

বাংলাদেশ সফরে আসছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে সাড়া দিয়ে শিগগিরই ঢাকা সফরের ইচ্ছা প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। পারস্পরিক সুবিধাজনক সুবিধাজনক সময়ে এই দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরটি অনুষ্ঠিত হতে পারে।

সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের সাম্প্রতিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক নিমন্ত্রণ গ্রহণ করে ইউএই প্রেসিডেন্ট সফরটি ত্বরান্বিত করার বার্তা দিয়েছেন। দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যকার দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ককে আরও গভীর ও সুদৃঢ় করতেই এই উচ্চপর্যায়ের সফরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত মজবুত ও বহুমাত্রিক। পারস্পরিক শ্রদ্ধা, সুসংহত বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধির অংশীদারিত্বের ওপর ভিত্তি করে এই সম্পর্ক জোরদার হয়েছে।

সম্প্রতি ইউএই ভূখণ্ডে ইরানি হামলার প্রেক্ষাপটে বাংলাদেশের পক্ষ থেকে যে সংহতি ও সমর্থন জানানো হয়েছিল, তার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেওয়া এক বিশেষ চিঠিতে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

চিঠিতে ওই হামলায় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত দুই জন প্রবাসী বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় প্রেসিডেন্ট গভীর শোক প্রকাশ করেন। একই সাথে তিনি নিহতদের পরিবার ও বাংলাদেশের সাধারণ জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান। এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোর অবস্থানকে আমিরাত সরকার অত্যন্ত গুরুত্বের সাথে স্মরণ করেছে।

আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা প্রসারে এই বার্তা দুই দেশের মধ্যকার বন্ধুত্বকে নতুন মাত্রা দেবে। চিঠিতে ইউএই প্রেসিডেন্ট বাংলাদেশের সাথে অর্থনীতি, অবকাঠামোগত উন্নয়ন ও মানবিক সহায়তাসহ গুরুত্বপূর্ণ উদীয়মান খাতগুলোতে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব বৃদ্ধিতে নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।