নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সোনিয়া খান সনিকে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের শূন্য পদে ড. সোনিয়া খান সনিকে সাময়িকভাবে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলো।
একইসঙ্গে ড. এ.টি.এম. রফিকুল ইসলামকে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ থেকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
নতুন দায়িত্ব পালনকালে ড. সোনিয়া খান সনি বিধি অনুযায়ী দায়িত্বভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
তবে, যদি তিনি একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করেন, সেক্ষেত্রে বিধি মোতাবেক যেকোনো একটির ভাতা ও সুবিধা গ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
বিএম/জ/রা



