― Advertisement ―

ফিলিস্তিনি শিশুদের হত্যার পরামর্শ, ইসরায়েলি রাষ্ট্রদূতের মন্তব্যে বিশ্বজুড়ে নিন্দার ঝড়

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ‘অস্ত্র বহনের’ অভিযোগ এনে ফিলিস্তিনি শিশুদের মৃত্যুদণ্ড কার্যকরের পরামর্শ দিয়েছেন অস্ট্রিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ডেভিড রোয়েট। অস্ট্রিয়ার ইনসব্রুকে ইহুদি সম্প্রদায়ের সঙ্গে এক গোপন বৈঠকে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন। তবে তিনি তার দাবির পক্ষে কোনও প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

বৈঠকের একটি গোপন ভিডিও ফাঁস হওয়ার পর বিষয়টি সামনে আসে এবং বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি দেখে বহু মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন এবং আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার ঝড় বইছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি গত ১৮ মার্চ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘনের দুই দিন পর রেকর্ড করা হয়। এতে দেখা যায়, ইসরায়েলি রাষ্ট্রদূত আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগকে উড়িয়ে দিয়ে বলেন, “আপনি বিশ্বাস করছেন যে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে শিশুদের লক্ষ্যবস্তু করছে, যা সঠিক নয়।”

কিন্তু জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তত ১৪ হাজার ৫০০-এর বেশি শিশু নিহত হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিহত শিশুর সংখ্যা ১৫ হাজার ৬১৩ জনে পৌঁছেছে।

ইসরায়েলি রাষ্ট্রদূতের এই মন্তব্য বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। মানবাধিকার সংস্থাগুলো একে বর্বর ও অমানবিক বলে অভিহিত করেছে এবং অবিলম্বে আন্তর্জাতিক আদালতে তদন্তের দাবি জানিয়েছে। সূত্র : প্রেস টিভি, প্যালেস্টাইন ক্রনিকলস।

বিএম/সজীব