ডেস্ক রিপোর্টঃ চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টায় তিনি চীনের হাইনান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানান হাইনান প্রদেশের ভাইস গভর্নর কিওনহাই বোয়াও এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম। এর আগে, দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে চীনা বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার ড. ইউনূস হাইনান প্রদেশে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে অংশ নেবেন এবং উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন। শুক্রবার তিনি বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া, তিনি হুয়াওয়ের একটি উচ্চ প্রযুক্তির প্রকল্প পরিদর্শন এবং চীনের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেবেন।
শনিবার পিকিং বিশ্ববিদ্যালয় ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। সেদিনই তিনি দেশে ফেরার কথা রয়েছে।
বিএম/সজীব



