ফরিদপুরের সদরপুরে সড়কে হাতি দিয়ে চাঁদাবাজি এড়াতে গিয়ে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ১০ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদরপুর উপজেলার আটরশি দরবার শরীফ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আরিশা জান্নাত, সে পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্যার মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ শিশু আরিশাকে চিকিৎসার জন্য তার মা ইজিবাইকযোগে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে আটরশি এলাকায় সড়কে হাতি নিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করে চাঁদা আদায় করছিলেন বকুল মিয়া নামে এক মাহুত। এ সময় চাঁদা না দিয়ে গাড়িটি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে হাতিটি হঠাৎ ঘুরে দাঁড়ায়। এতে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে মায়ের কোলে থাকা শিশুটি গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
দুর্ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনার পর ক্ষুব্ধ জনতা মাহুতকে আটক করে গণপিটুনি দেয় এবং হাতিটিকে আটকে রাখে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহুতকে হেফাজতে নেয়।
সদরপুর থানার পুলিশ কর্মকর্তা জানান, আটক মাহুত বকুল মিয়ার বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। অন্যদিকে, আটকে রাখা হাতিটিকে নিরাপদ হেফাজতে নিতে বন বিভাগের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।



