আন্তর্জাতিক ডেস্ক
নেটোর আদলে ‘জয়েন্ট আরব ফোর্সেস’ বা যৌথ আরব বাহিনী গঠনের উদ্দোগ নিয়েছে মুসলিম বিশ্ব। গত সোমবার (১৫ সেপ্টেম্বর) শুরু হওয়া আরব-ইসলামিক সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এই যৌথ আরব বাহিনী গঠনের প্রস্তাব তোলেন।
গত ৯ই সেপ্টেম্বর কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল। স্বাধীন সার্বভৌম একটি মুসলিম দেশে ইহুদিবাদী ইসরায়েলের এ হামলাকে সহজভাবে নেয়নি মুসলিম বিশ্ব।
হামাস নেতাদের লক্ষ্য করে কাতারে হামলা করার এক সপ্তাহের মধ্যেই কাতারের রাজধানী দোহায় আরব লীগের সদস্য দেশগুলোর পাশাপাশি কয়েকটি মুসলিম দেশ সম্মেলন করেছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা, ইসরায়েলের আগ্রাসনের মত বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে এই সম্মেলনে।
আর এই সম্মেলন থেকে নেটোর আদলে ‘জয়েন্ট আরব ফোর্সেস’ বা যৌথ আরব বাহিনী গঠনের তাগিদ উঠে এসেছে বলে খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ সংস্থাগুলো। বিশ্লেষকরা এই প্রয়াসকে ‘আরব নেটো’ বলে উল্লেখ করছেন।
এই বাহিনী গঠনের প্রস্তাব করা হয়েছে নেটো জোটের আদলে। অর্থাৎ নেটো জোটভুক্ত প্রত্যেকটি দেশ যেমন জোটের কোনো একটি দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে ঐ দেশে সেনা সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ, এই যৌথ আরব বাহিনীও সেভাবেই কাজ করবে।
নেটোর মত এই বাহিনীতেও বিমান, নৌ ও স্থল বাহিনী থাকবে বলে প্রস্তাব করা হয়েছে। সহযোগী দেশগুলোর সেনাবাহিনীর সক্ষমতা ও আকৃতির ওপর নির্ভর করবে কোন দেশ এই বাহিনীতে কতটুকু অবদান রাখবে।



